অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রাইমটিভি/এমআর