সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার

সংবিধান সংশোধন । প্রাইম টিভি
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার, ৪ আগস্ট। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রথম বৈঠকে মূলত পরিচিতিমূলক আলোচনা হবে। বৈঠক শেষে পরবর্তী কর্মপরিকল্পনা ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির নাম উপস্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।
প্রাথমিকভাবে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে সদস্যদের নাম জমা না দেওয়ায় আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হলেও এখন পর্যন্ত জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং খেলাফত মজলিস কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি।
কমিটিতে আরও রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





