অভিনেতা জাহের আলভীর হাইকোর্টে জামিন

ছবি:সংগৃহীত
স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর হয় এবং পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় দাবি করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





