বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করে ভিক্ষার টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি:সংগৃহীত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাবুল মিয়া (৫২) নামে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। হামলার পর তাঁর সঙ্গে থাকা ভিক্ষার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে মামলা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের নিজ বাড়ির সামনের কাঁচা সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি হুইলচেয়ারে চলাচল করতেন এবং তাড়াইল সিএনজি স্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি গ্রামে একাই বসবাস করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির সামনের সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন দুর্বৃত্ত গাছের কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তাঁর কাছে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
বাকপ্রতিবন্ধী হওয়ায় হামলার সময় তিনি চিৎকার করে কারও সাহায্য চাইতে পারেননি। পরে তাঁর গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর বরুহা গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





