পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

যমুনা নদীতে দুই স্কুলছাত্র নিখোঁজ । প্রাইম টিভি
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট নটাখোলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজরা হলো-টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) ও পাবনা পৌর সদরের দিলালপুর এলাকার মিঠুলাল সরকার এর ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রােতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





