বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল । প্রাইম টিভি
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতাদের বক্তব্যে অতীতের আওয়ামী লীগের রাজনৈতিক ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে। তার দাবি, এখন বিরোধীদলের নেতারা যে ভাষায় বলছেন, "৫ বছর ক্ষমতায় থাকতে দেব না", ঠিক একই ধরনের বক্তব্য একসময় শেখ হাসিনাও দিতেন।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালেও আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছিল। একই ধরনের রাজনৈতিক বক্তব্য এখন বর্তমান বিরোধীদলের নেতাদের মুখে শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি এই সনদের বাস্তবায়নের বিরুদ্ধে নয়। তবে ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। দলটি যেসব বিষয়ে একমত নয়, তা স্পষ্টভাবে বলেছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধীদলের সাংবিধানিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাত বা অস্থিতিশীলতার দিকে না যায়, সেদিকে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
সরকারের কর্মকাণ্ড তুলে ধরে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে শুধু নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। দেশের স্বার্থে সংঘাত নয়, বরং সহনশীলতা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গেও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি দাবি করেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









