রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ সহায়তার ঘোষণা দেয়। এদিন ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।

নতুন এই অর্থায়ন ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। এর আওতায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়, সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অস্ট্রেলিয়া জানিয়েছে, এই অর্থায়ন দেশটির নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও মিয়ানমারের জন্য অস্ট্রেলিয়ার মোট মানবিক সহায়তার প্রতিশ্রুতি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সংকটে অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বিশ্বব্যাপী সবচেয়ে বড় মানবিক সহায়তা কার্যক্রমগুলোর একটি। তিনি জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে অস্ট্রেলিয়া ভবিষ্যতেও অবিচলভাবে থাকবে।

প্রাইমটিভি/এনজি