রূপপুরে মদ্যপান করে ২ রাশিয়ানের মারামারি, প্রাণ গেল ১ জনের

ছবি:সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আহত অপর রাশিয়ান নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ান নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদ্যপানের পর দুই রাশিয়ান নাগরিকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সার্গেইর অবস্থার অবনতি হলে তাকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মধ্যে হাতাহাতির জেরেই এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





