ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

ছবি:সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মুদি দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তের ধারালো কুড়ালের আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি মানিক হোসেন ওরফে সুমন (৩২)। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহত দোকান মালিক হাবিবুল মণ্ডলের অভিযোগ, গভীর রাতে মানিক তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। দোকানের পাশেই বাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে সুমন তার সঙ্গে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে তার হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন। হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যান।
আহত মুদি দোকানি হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





