গুম প্রতিরোধ আইন অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ আইন । প্রাইম টিভি
মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
খসড়া আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুমের অভিযোগের তদন্ত এবং বিচারকার্য সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার বিধান রাখা হয়েছে।
আইনে গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আর গুমের কারণে মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে বা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা না গেলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্য গ্রহণ, সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা, সরকারি আইনগত সহায়তা, ক্ষতিপূরণ, পুনর্বাসন, কেন্দ্রীয় তথ্যভান্ডার এবং আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের মতে, নতুন এই আইন গুম প্রতিরোধ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো হিসেবে কাজ করবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





