চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রাইম টিভি
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরে তিনি বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।
জানা গেছে, বাঁশখালীতে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেবেন প্রধানমন্ত্রী। একই এলাকায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামের প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। অবতরণের জন্য হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও চলছে স্বাগত আয়োজনের প্রস্তুতি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সফরসূচি চূড়ান্তভাবে হাতে পেলেই প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





