এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার

ছবি:সংগৃহীত
দেশব্যাপী আয়োজিত 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ' জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠন না করলে তাদের এমপিও (MPO) সুবিধা স্থগিত রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং দেশজুড়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
তিনি আরও জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল চর্চা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে দল গঠন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপও বিবেচনায় রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





