ভারত সীমান্তে ২৫০ চীনা এসএইচ-১৫ হাউইটজার মোতায়েন পাকিস্তানের

চীনা এসএইচ-১৫ হাউইটজার । সংগৃহীত
ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ।
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসএইচ-১৫ হাউইটজারটি ৬×৬ চ্যাসিসের ওপর স্থাপন করা হয়েছে। এতে রয়েছে ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন, যা দ্রুত গতিশীলতা নিশ্চিত করে।
অস্ত্রটি ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ ব্যবহার করে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহার করলে এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এছাড়া স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম ও হাইড্রোলিক প্রযুক্তির কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে এবং প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলা নিক্ষেপে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এই মোতায়েন চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে চলতি অর্থবছরে পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।
এর আগে, অপারেশন সিন্দুরের পর ভারতের সঙ্গে সংঘর্ষে এসএইচ-১৫ হাউইটজারের কার্যকারিতা নিয়ে ইতিবাচক দাবি করেছিল পাকিস্তান। তবে ওই দাবির স্বাধীন যাচাই এখনো প্রকাশ্যে নিশ্চিত হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








