ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ছবি:সংগৃহীত
মিশরে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন দক্ষিণ ইসরাইল ও ডেড সি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
সোমবার (০৩ আগস্ট) ভোরে ভূমিকম্প আঘাত হেনেছে। মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (এনআরআইএজি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়াদান পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে কাঠামোগত ক্ষতির লক্ষণ রয়েছে—এমন ভবন থেকে দূরে থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ নির্ধারণ করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর ইসরাইলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে মিশরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়।
তবে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইসরাইলে সম্ভাব্য আরেকটি ভূমিকম্পের বিষয়ে তারা কোনো সতর্কতা জারি করেনি। তাদের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে সিনাই উপদ্বীপ এলাকায়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








