নাটোরে ছাত্রলীগের মিছিল-পথসভা, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

ছবিঃ সংগৃহীত
নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার ঢালান বাজারসংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার কিছু পর ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার ও জাতীয় পতাকা হাতে মহাসড়কে মিছিল বের করে। প্রায় পাঁচ মিনিট মিছিল শেষে তারা একটি মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে। এ সময় একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। কর্মসূচির সময় একটি সাদা রঙের মাইক্রোবাসকে তাদের আশপাশে অবস্থান করতে দেখা যায়।
পথসভা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন বলেন, মিছিল করা বাক্স্বাধীনতার অংশ। কর্মসূচি শেষে ওই এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর ও কিছু মানুষকে মারধরের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়ে পুলিশের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









