জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোটের ফল প্রকাশের পর তা হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল 'মিডনাইট ইলেকশন'। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার নতুন ধরনের একটি প্রক্রিয়া দেখা গেছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ' ভোট দিলেও বিএনপি ফল প্রকাশের পর সেই ভোট 'চুরি' করেছে।

তিনি বলেন, "জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, তবে সেটা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।"

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাসে একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা হয়নি এবং নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

প্রাইমটিভি/এমআর