জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

ছবিঃ সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িসহ অন্তত তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের থানা মোড়সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের অনুসারীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় দুই নেতা অবস্থান করছিলেন। এ সময় নিচে থাকা তাদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের গাড়িসহ অন্তত তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাত ৮টার দিকে পুলিশ সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠকের সময় একদল দুষ্কৃতকারী তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িসহ মোট তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









