২০২৬ বিশ্বকাপ আসর থেকে বাদ পড়লেন একঝাঁক তারকা

ছবিঃ সংগৃহীত
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। আগামী ১১ জুন মেক্সিকো সিটি থেকে পর্দা উঠতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের। দীর্ঘ বাছাইপর্ব, উত্তেজনা আর নাটকীয়তার পর ফুটবলভক্তরা যখন অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক তখনই দুঃসংবাদ এসে আঘাত হানছে একের পর এক।
ইনজুরি আর শারীরিক সমস্যার কারণে একাধিক তারকা ফুটবলার ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস থেকে শুরু করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সব দলই পড়েছে বড় সংকটে। এতে যেমন কোচদের পরিকল্পনায় ভাটা পড়ছে, তেমনি সমর্থকদের প্রত্যাশাতেও নেমে এসেছে হতাশা।
ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় ধাক্কা এসেছে রদ্রিগোকে ঘিরে। এসিএল ইনজুরিতে পড়ে তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে। একই সঙ্গে ডিফেন্ডার এদের মিলিতাওর বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে উরুর অস্ত্রোপচারের কারণে। তরুণ প্রতিভা এস্তেভাওকেও ঘিরে রয়েছে ফিটনেস শঙ্কা।
ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পেদের উপস্থিতি শক্তি জোগালেও বড় ধাক্কা এসেছে হুগো একিতিকের ইনজুরিতে। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ স্বপ্ন শেষ তার।
নেদারল্যান্ডসের মাঝমাঠে সৃজনশীলতার বড় ভরসা জাভি সিমন্স এসিএল ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। তার অনুপস্থিতি কোচ রোনাল্ড কোম্যানর পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
জার্মানির আক্রমণভাগেও ধাক্কা। সার্জ গন্যাব্রি অ্যাডাক্টর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, যা দলের জন্য বড় ক্ষতি।
স্বাগতিক যুক্তরাষ্ট্র শিবিরেও একই চিত্র। প্যাট্রিক এজিয়ামাং অ্যাকিলিস ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন। ফলে আক্রমণভাগে বিকল্প খুঁজতে হচ্ছে দলকে।
অন্যদিকে মেক্সিকোর গোলপোস্টে বড় ধাক্কা। প্রথম পছন্দের গোলরক্ষক লুইস অ্যাঞ্জেল মালাগন ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ তৈরি হয়েছে অভিজ্ঞ গুইয়েরমো ওচোয়ার সামনে, যা হতে পারে তার ষষ্ঠ বিশ্বকাপ।
বিশ্বকাপ শুরুর আগেই এমন তারকাখচিত অনুপস্থিতি টুর্নামেন্টের উত্তেজনায় কিছুটা ভাটা ফেললেও, তৈরি করছে নতুন সম্ভাবনাও। এখন দেখার অপেক্ষা এই শূন্যস্থান পূরণ করে কোন নতুন মুখরা হয়ে ওঠেন বিশ্বমঞ্চের পরবর্তী নায়ক।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









