আগামী ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে বাংলাদেশে দর্শকরা খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তাবিথ আউয়াল।

সোমবার জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল ইস্যুতে আয়োজিত এক আলোচনায় বিশ্বকাপ সম্প্রচার প্রসঙ্গে কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, সরকার খেলা সম্প্রচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, তথ্যমন্ত্রী তাকে ডেকে বলেছেন, দেশের ফুটবলপ্রেমীদের খেলা দেখা থেকে বঞ্চিত করা হবে না।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব আনার চেষ্টা চলছে, যাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির নিজস্ব তহবিল থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে না হয়।

তিনি বলেন, বিজ্ঞাপন বিক্রি বা পুনরায় স্বত্ব বিক্রির মতো বিভিন্ন উপায়ে অর্থ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে সম্প্রচার স্বত্বের মূল্য কমিয়ে আনতে আলোচনাও চলছে।

বাফুফে সভাপতি আরও বলেন, “সরকার, বিটিভি ও একটি বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। আমরা একটি কার্যকর সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৪ দিন বাকি থাকায় অল্প সময়ে বড় অঙ্কের অর্থ পরিশোধ ও স্বত্ব নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, “সময় এবং মূল্য— এই দুইটি বড় চ্যালেঞ্জ। তবে স্বচ্ছতার ক্ষেত্রে কোনো আপস হবে না।”

২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২–এর সময় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, অতীতে কিছু “প্রশ্নবিদ্ধ লেনদেন” হয়েছিল এবং বর্তমান সরকার কোনো অস্বচ্ছ প্রক্রিয়ায় যেতে চায় না।

তিনি দাবি করেন, বর্তমান সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের লক্ষ্য হলো সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা।

প্রাইমটিভি/কেআর