বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের সেবার চাহিদা তুঙ্গে

ছবি- সংগৃহীত
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে পর্যটকদের আগমন বাড়তে শুরু করেছে। এরই মধ্যে কিছু এসকর্ট সেবাদাতা দাবি করেছেন, বিশ্বকাপ উপলক্ষে তাদের সেবার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে অবস্থান করবেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৩ জুন থেকে শুরু হওয়া একাধিক ম্যাচের পাশাপাশি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
প্রতিবেদনে একাধিক এসকর্ট সেবাদাতার বক্তব্য তুলে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুকলিনের একজন এসকর্ট জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে তার কাছে নতুন গ্রাহকদের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, গত মে মাসে তার অনলাইন প্রোফাইলে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি মানুষ যোগাযোগ করেছেন।
তার দাবি, বিশেষ করে দম্পতিদের কাছ থেকে অনুরোধের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। সাধারণত মাসে একটি নতুন দম্পতির অনুরোধ পেলেও গত এক মাসে তিনি প্রায় ২৫টি অনুরোধ পেয়েছেন।
অন্যদিকে নিউ জার্সিভিত্তিক ‘স্পাইস ভি’ নামের আরেক এসকর্ট সেবাদাতা জানান, বিশ্বকাপ উপলক্ষে আসা কয়েকজন গ্রাহকের কাছ থেকে তিনি ইতোমধ্যে অগ্রিম অর্থ গ্রহণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, জুন মাসের বেশিরভাগ সময়সূচি ইতোমধ্যেই বুক হয়ে গেছে।
তিনি আরও জানান, ইউরোপ থেকে আগত কয়েকজন দর্শক তার সঙ্গে আগাম যোগাযোগ করেছেন। তাদের মধ্যে লন্ডন থেকে আসা একজন দর্শক এবং কলোরাডো থেকে ম্যাচ দেখতে আসা আরেকজন গ্রাহকও রয়েছেন।
তবে বিশ্বকাপকে কেন্দ্র করে এই বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগে মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউ জার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের সভাপতি এবং মন্টভিল পুলিশ প্রধান অ্যান্ড্রু ক্যাজিয়ানো বলেন, বড় আন্তর্জাতিক আয়োজনগুলোতে সন্ত্রাসবাদ, চুরি বা প্রতারণার মতো দৃশ্যমান ঝুঁকির পাশাপাশি মানবপাচারও একটি বড় উদ্বেগের বিষয় হয়ে ওঠে।
তিনি বলেন, “এ ধরনের পরিবেশে মানবপাচার চক্রগুলো সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে নিউ জার্সি স্টেট পুলিশ প্রায় ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করবে। তারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার প্রতিরোধে নজরদারি চালাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) সম্প্রতি এক সতর্কবার্তায় বলেছে, বিশ্বকাপ চলাকালে যৌন ও শ্রম শোষণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। বিপুল সংখ্যক দেশি-বিদেশি দর্শকের সমাগমকে কাজে লাগিয়ে অপরাধী চক্রগুলো মানবপাচারের মতো অপরাধ সংঘটনের চেষ্টা করতে পারে।
নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্টও জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে জননিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে রাজ্য প্রশাসন দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে পর্যটন, হোটেল ও বিনোদন খাতে ব্যবসায়িক তৎপরতা বাড়লেও মানবপাচার ও শোষণ প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









