কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন থেকে সাময়িক বিরতি নিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে বৈঠকে বসতে যাচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনটির শীর্ষ নেতারা।

তথ্য অনুযায়ী, আগামী বুধবার (৫ আগস্ট) মহারাষ্ট্রের সম্ভাজিনগরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের সময়ই অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই ঘোষণার রূপরেখাই চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।

সূত্র জানায়, দীর্ঘ আন্দোলনের পর সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রস্তাব সংগ্রহ করতে বলা হয়। এই বৈঠকে সেই মতামতই নেতাদের সামনে উপস্থাপন করা হবে।

এদিকে, শুধু নিট নয়, দেশের বিভিন্ন রাজ্যেও প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সিজেপি। বিশেষ করে পাঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও, সেই ইস্যুতে সংগঠনটির নীরবতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও অভিজিৎ দীপকের দাবি, পাঞ্জাবের ঘটনাও তাদের নজরে রয়েছে এবং বিষয়টি নিয়েও তারা অবস্থান নেবেন।

অনেকের ধারণা, আসন্ন এই বৈঠকে শুধু নিট নয়, বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে একটি সর্বভারতীয় আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারে সিজেপি। ফলে, যন্তর মন্তরের আন্দোলন আপাতত স্তিমিত হলেও, সংগঠনটির পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর শিক্ষার্থী ও রাজনৈতিক মহলের।

প্রাইমটিভি/এমআর